ঘড়িতে তখন সন্ধ্যা সাতটা। বাইরে তখনও বেশ পরিষ্কার আলো। আমরা তিনজন বেরিয়ে পড়লাম Renton-এর দিকে। গন্তব্য—Topgolf।
সেদিন সকালে ছোট ছেলে হঠাৎ জিজ্ঞেস করল, “গলফ খেলতে যাবে?”
গলফ! জীবনে কত খেলাই তো খেলেছি—ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, আরও কত কি —কিন্তু গলফ খেলার সুযোগ কখনও হয়নি। তাই গলফ খেলার প্রস্তাব শুনে আমি তো এক পায়ে খাড়া!
আমাদের দেশে ছোটবেলা থেকেই গলফকে একটু অন্যরকম চোখে দেখেছি। টালিগঞ্জসহ দেশে , বিদেশে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গলফ কোর্স দেখেছি। শুনেছি, সেখানে খেলতে গেলে বেশ মোটা টাকা খরচ করতে হয়। ফলে গলফকে বরাবরই খেলার ইচ্ছা থেকে দূরে রেখেছি !
যত দূর জানি ব্রিটিশরাই ভারতে এই খেলার আমদানি করেছিল। সেই খেলাই যে একদিন আমরাও খেলতে নামব, সেটা কে জানত!
সাড়ে সাতটার মধ্যেই পৌঁছে গেলাম Topgolf-এ। দূর থেকেই বড় বড় করে লেখা—Topgolf। চারপাশে উঁচু উঁচু নেট দিয়ে ঘেরা বিশাল জায়গা। ছোট ছেলে আমাদের জন্য অনলাইনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত সময় বুক করে রেখেছিল ।
তারপর শুরু হল আমাদের প্রস্তুতি। পছন্দমতো গলফ স্টিক হাতে নিলাম, সঙ্গে ছোট্ট সাদা বল। সামনে বিশাল সবুজ মাঠ, চারপাশে নেট দিয়ে ঘেরা। মাঠের মধ্যে ছোট-বড় অনেকগুলো গর্ত। কোন গর্তে বল ফেলতে পারলে কত পয়েন্ট—তারও হিসাব আছে। অর্থাৎ শুধু বল মারলেই হবে না, বলটাকে কোথায় পাঠাচ্ছি সেটাও ভাবতে হবে!
প্রথম দু-তিনটে শটেই বুঝলাম, গলফকে এতদিন যতটা সহজ ভেবেছি, ব্যাপারটা মোটেই তত সহজ নয়। বল মারতে গিয়ে কখনও মিস হোল , কখনও বল গেল একদিকে, কখনও আরেকদিকে—শুধু গর্তের দিকেই গেল না! মনে হচ্ছিল, বলটা যেন আমার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা করছে।
তবে ধীরে ধীরে হাত খুলতে শুরু করল। বলও এবার একটু আমা্দের কথা শুনতে লাগল। তখন মনে হল—আরে, আমরাও তো গলফ খেলতে পারি!ভাবতেই বেশ রোমাঞ্চ হচ্ছিল।
আর একটি দৃশ্য দেখে আরও ভালো লাগছিল যে আমার স্ত্রীও বেশ উৎসাহ নিয়ে গলফ স্টিক হাতে নেমে পড়েছিল । তাঁকে বল মারতে দেখে আমার মনে হল, এতদিন গলফ নিয়ে আমাদের যত ধারণা ছিল, তার অনেকটাই বোধহয় ভুল!
Topgolf-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল, এখানে গলফ শুধু খেলা নয়—তার সঙ্গে মিশে আছে বিনোদন, আড্ডা আর আনন্দের এক চমৎকার পরিবেশ। আধুনিক প্রযুক্তির সাহায্যে গলফ খেলাকে এমনভাবে উপভোগ্য করে তোলা হয়েছে যে, গলফে খুব একটা অভিজ্ঞ না হলেও খেলতে বেশ মজা লাগে। বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য তাই Topgolf হয়ে উঠেছে গলফের এক অন্যরকম, আনন্দময় সংস্করণ।
দু’ঘণ্টা চুটিয়ে গলফ খেলে যখন বেরোলাম, তখন মন একেবারে ফুরফুরে। স্কোরে কে কত পয়েন্ট পেলাম, সে হিসাব দেখার চেয়ে নতুন একটা অভিজ্ঞতা যে ঝুলিতে জমা পড়ল, সেটাই বেশ ভালোভাবেই উপলব্ধি করছিলাম ।
দু’ঘণ্টা গলফ খেলার পর বাড়ি ফিরে শরীরটা বিছানায় ফেলতেই আর চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল। সেদিন রাতে ঘুমটাও হয়েছিল বেশ জমিয়ে—মনে হচ্ছিল, গলফের বল নয়, সারাদিনের ক্লান্তিটাকেই যেন ঠিক গর্তে ফেলে দিয়ে এসেছি!