সীমান্ত ছুঁয়ে এক রবিবার, দুই দেশ আর এক সমুদ্র – সুপ্রিয় রায়

গতকাল ছিল এখানে রবিবার। ছুটির দিনটাকে উপভোগ করার জন্য ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেদেরকে আটকে না রেখে সকাল ১০টার দিকে আমরা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক সুন্দর দিনের খোঁজে। বেশ কয়েকবার আমেরিকা আসার ফলে এখানকার দেখার জায়গাগুলোর প্রায় সব জায়গাই আমাদের দেখা । তাই এবারে আমাদের গন্তব্য ছিল  বেলেভিউ থেকে প্রায় ১১২ মাইল দূরের Peace Arch State Park। যতই গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, ততই শহরের ব্যস্ততা পিছনে পড়ে যাচ্ছিল। চারপাশের সবুজ, খোলা আকাশ আর প্রকৃতির নিস্তব্ধতা মনটাকে ধীরে ধীরে অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছিল।

অবশেষে দু ঘণ্টা জার্নি করে পৌঁছে গেলাম Peace Arch State Park-এ। জায়গাটির বিশেষত্বই যেন তার অবস্থানে—একদিকে বিশাল প্রশান্ত মহাসাগর, অন্যদিকে কানাডা—মাঝখানে সবুজে ঘেরা বিশাল মাঠ। আর সেই মাঠের গা ঘেঁষে পাশাপাশি USA আর Canada। প্রকৃতির এমন সুন্দর পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল, দুই দেশ যেন পাশাপাশি দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন করছে।

কোনও কাঁটাতারের কঠিন বিভাজন চোখে পড়ল না—মনে হলো, প্রকৃতির কাছে দেশগুলোর দূরত্বও বুঝি খুব বেশি নয়। চারপাশে প্রচুর গাছপালা, সবুজের সমারোহ আর সুন্দরভাবে সাজানো পার্কের পরিবেশ। কোথাও শান্ত নির্জনতা, কোথাও মানুষের আনাগোনা—সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। কিছুক্ষণ সেখানে ঘুরে বেড়িয়ে, ছবি তুলে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে বেশ ভালোই সময় কাটালাম।

তারপর পেটপুজো সারতে কাছেই একটি Indian restaurant নাম ‘Namaste’ তে গিয়ে দুপুরের আহার সারলাম। ভ্রমণের মধ্যে পরিচিত ভারতীয় খাবারের স্বাদ যেন মনটাকেও একটু বাড়ির কাছাকাছি নিয়ে এল।

এরপর সেখান থেকে কাছেই চলে গেলাম Marine Park-এ। সেখানে গিয়ে যেন প্রকৃতির আরেকটি নতুন রূপের সঙ্গে দেখা হলো। সামনে বিশাল প্রশান্ত মহাসাগর, আর দূরে চোখ রাখলেই দেখা যাচ্ছে কানাডা। সমুদ্র, আকাশ, সবুজ আর দূরের পাহাড়-ভূদৃশ্য—সব মিলিয়ে এক অপূর্ব panoramic view।

কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে শুধু সেই দৃশ্য দেখছিলাম। এমন কিছু মুহূর্ত থাকে, যেগুলোকে ছবিতে বন্দি করা যায়, কিন্তু ছবির মধ্যে সেই অনুভূতিটাকে পুরোপুরি ধরে রাখা যায় না। সেই মুহূর্তটাও ছিল ঠিক তেমনই।

শেষ পর্যন্ত বিকেলের আলো ফিকে হয়ে আসার আগেই আমরা আবার গাড়িতে উঠলাম। সামনে ফিরে যাওয়ার পথ—গন্তব্য আবার আমাদের বেলেভিউ।

সারাদিনের ঘোরাঘুরি শেষে যখন বেলেভিউতে ফিরলাম, তখন মনে হচ্ছিল—আজ শুধু একটা জায়গায় বেড়াতে যাওয়া হয়নি, বরং প্রকৃতি, সমুদ্র আর দুই দেশের সীমান্তকে একসঙ্গে ছুঁয়ে দেখার মতো একটা সুন্দর স্মৃতি সঙ্গে করে নিয়ে ফিরলাম।

কিছু ভ্রমণ শুধু জায়গা দেখায় না, মনের মধ্যেও কিছু ছবি এঁকে দিয়ে যায়। আজকের দিনটাও ঠিক তেমনই একটি দিন।

Leave a Reply