ভাষা শেখার আমার দৃষ্টিভঙ্গি: তিন ভাষার পৃথিবী – সুপ্রিয় রায়

বিশ্ব আজ একবিংশ শতকে এসে এক বিশাল দেশের মতো—ইন্টারনেট, ব্যবসা, শিক্ষা, কিংবা সংস্কৃতির বিনিময়ে একে অপরের সঙ্গে যুক্ত আমরা সবাই। কিন্তু এই বৈশ্বিক সংযোগের পথে একটি বড় বাধা রয়ে গেছে — ভাষা। পৃথিবীতে বর্তমানে ৭,১৫৯- টি  ভাষা ব্যবহৃত হয় (Ethnologue, 2024 অনুযায়ী)। এত ভাষার মাঝে যোগাযোগে যে জটিলতা তৈরি হয়, তা দূর করার জন্য সব দেশের ভাষা শিক্ষায় একটি বাস্তবসম্মত সংস্কার দরকার বলে আমার মনে হয় ।

প্রস্তাব: তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক হওয়া উচিত

একটি কার্যকর বৈশ্বিক সমাজ গড়ে তুলতে প্রতিটি দেশের নাগরিকের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক হওয়া উচিত—

  1. মাতৃভাষা:
    এটি মানুষের আবেগ, সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎস। মাতৃভাষা আমাদের চিন্তাশক্তিকে বিকশিত করে। UNESCO-র তথ্য অনুযায়ী, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা পাওয়া শিশুরা অন্য ভাষাও দ্রুত শেখে এবং শিক্ষায় আগ্রহী থাকে।
  2. রাষ্ট্রভাষা:
    রাষ্ট্রীয় প্রশাসন, আইন, শিক্ষা এবং সরকারি যোগাযোগের ভাষা। এটি শেখা নাগরিক দায়িত্ব ও সামাজিক একাত্মতার প্রতীক। রাষ্ট্রভাষা সেই ভাষাই হওয়া উচিত, যেটি দেশের অধিকাংশ নাগরিক স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করে ও চায়। এতে গণতান্ত্রিক স্বচ্ছতা বজায় থাকে।
  3. আন্তর্দেশীয় ভাষা (Global Language):
    এটি এমন একটি ভাষা যা আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য, বিজ্ঞান, ও প্রযুক্তিতে ব্যবহৃত হয়। বর্তমানে ইংরেজি সেই ভূমিকায় রয়েছে।  তাই এই আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ দিলে বিশ্বব্যাপী মানুষ পরস্পরের সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।

এর ফলে –

১. ভাষাগত বিভাজন কমে যাবে। ভাষাগত ভুল বোঝাবুঝি, সাংস্কৃতিক দূরত্ব ও বৈষম্য অনেকাংশে হ্রাস পাবে।

২. শিক্ষায় ও গবেষণায় সমান সুযোগ আসবে । একজন শিক্ষার্থী মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা জানলে, সে বৈশ্বিক জ্ঞানভাণ্ডারে সমানভাবে অংশ নিতে পারে।

৩. সংস্কৃতির বিনিময় ও সহনশীলতা থাকবে । ভাষা শেখার মাধ্যমে মানুষ অন্য দেশের সাহিত্য, সংগীত ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হয় — যা বৈশ্বিক সহনশীলতা বাড়ায়।

ভাষা কেবল শব্দ নয়— এটি সহানুভূতি, জ্ঞান ও ঐক্যের প্রতীক।
যদি প্রতিটি মানুষ তার মাতৃভাষা, রাষ্ট্রভাষা ও একটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ হয়, তাহলে পৃথিবী এক সত্যিকারের ভাষাবন্ধন সমাজে পরিণত হবে, যেখানে যোগাযোগ বাধা নয়, বরং একতার শক্তি হয়ে উঠবে।

Leave a comment