প্রবীণ বয়সে ছোটবেলা ফিরে পাওয়া অসম্ভব নয়, মন চাইলে সবই সম্ভব – সুপ্রিয় রায়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই মনে মনে একটা আফসোস বয়ে বেড়ায় —“ইস, যদি আবার একটু ছোটবেলার মতো হালকা হয়ে বাঁচতে পারতাম!”
আশ্চর্যের বিষয় হলো, ছোটবেলা চলে গেলেও ছোটবেলার অনুভূতি কখনও হারিয়ে যায় না। একটু চেষ্টা করলেই সেই হাসি, সেই কৌতূহল, সেই সরল আনন্দগুলোকে আবার জীবনে ফিরিয়ে আনা যায়।

যারা মনে করে বয়স বাড়লে শখ-আনন্দ সব শেষ। তা ঠিক নয় , সত্যিটা ঠিক তার উল্টো।এই বয়সে রয়েছে অভিজ্ঞতা, বোঝাপড়া, সময়—যা ছোটবেলায় ছিল না। তাই ছোটবেলার আনন্দ + আজকের অভিজ্ঞতা = সবচেয়ে সুন্দর সময়।

ছোটবেলাকে ফিরে পাওয়া কোনো জাদু নয়।
এটা নিজের ভেতরের সেই শিশুটাকে আবার জাগিয়ে তোলা।
বয়স বলে কিছু নয়, মনকে তরতাজা রাখাই আসল কথা।

বয়স বাড়ে, চুলে রুপোর মত ঝিলিক নামে,
কিন্তু মন?
মনের এক কোণে চুপ করে বসে থাকে
একটি ছোট্ট শিশু—
যে এখনও দৌড়াতে চায় রোদমাখা দুপুরে,
খুঁজে পেতে চায় মাঠের গন্ধ,
আর শুনতে চায় হারিয়ে যাওয়া শৈশবের হুল্লোড়।

কখনও নীরব দুপুরে,
কখনও বারান্দার বাতাসে,
কখনও মনখারাপের ফাঁকে—
হঠাৎ মনে হয়,
“ইস, যদি আর একবার ছোটবেলার সেই সরল বাতাসটা গায়ে মেখে নিতে পারতাম!”

এই বয়সে আমরা আরও শান্ত, আরও বোঝদার,
আরও গভীরভাবে হাসতে জানি।
শৈশবের আনন্দ আর বর্তমান অভিজ্ঞতার মিলনে
জীবনের সবচেয়ে মধুর সময়গুলো তৈরি করতে পারি ।

Leave a comment