সময় বদলেছে, আর আমাদের ধারণাও — আর সেই বদলের সবচেয়ে মজার দিকটা হলো, যা একসময় “অদ্ভুত” ছিল, আজ সেটা একেবারে স্বাভাবিক। এই ভাবনাটা আমাদের দেখায় – সময়ের সাথে আমাদের ধারনাটা কেমন বদলে যায় ।
আসলে সময় আমাদের শুধু বদলায় না,
আমাদের বিচারবুদ্ধিকেও ‘Software Update’ দিয়ে দেয়—
আর আমরা না বুঝেই নতুন ভার্সনে জীবন চালাতে শুরু করি!
কিছু বছর আগেও যখন দেখা যেত—
একজন লোক রাস্তায় হাঁটতে হাঁটতে একা একা কথা বলছে, হাত নেড়ে নেড়ে তর্ক করছে—
আমরা দূর থেকেই ফিসফিস করতাম,
“ওই দেখ, পাগল!”
আজ যখন একই দৃশ্য দেখি?
একটু ভালো করে তাকালেই বুঝি—
কানে ছোট্ট একটা ব্লুটুথ, আর সে দিব্যি ফোনে কারও সঙ্গে সিরিয়াস আলোচনা করছে!
তাই এখন কাউকে অদ্ভুত মনে হলে—
হয়তো সে পাগল নয়,
সে শুধু আমাদের থেকে একটু বেশি “আপডেটেড”বা ‘ওয়্যারলেস মানুষ!
একটা সময় ছিল—
কেউ যদি নিজের ছবি নিজেই তুলতে যেত,
লোকজন বলত,
“কি বোকা! নিজেরই ছবি নিজে তুলছে!”
আজ?
“Selfie না তুললে কি আর ঘোরা সম্পূর্ণ হয়?”
বরং কেউ যদি সেলফি না তোলে, তখনই প্রশ্ন—
“কি রে, ফোনে ক্যামেরা নেই নাকি?” ‘লাইফে কিছুই করলি না!’
আগে কেউ যদি সারাদিন চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকত,
বাড়ির লোক চিন্তা করত—
“ছেলেটার কি কোনো সমস্যা হলো নাকি?”
এখন?
মা নিজেই বলে—
“এই ফোনটা একটু দে তো, আমি রিলটা দেখে নিই!”
আগে প্রেমপত্র লিখতে দেরি হলে সম্পর্ক নষ্ট হয়ে যেত,
আজ “Last seen” দেখে ঝগড়া শুরু হয়—
“অনলাইন ছিলে, রিপ্লাই দিলে না কেন?”
একসময় যদি কেউ হেডফোন কানে দিয়ে জোরে জোরে হাসত,
লোকজন ভাবত—
“একাই হাসছে কেন?”
আজ?
সবাই জানে—
সে হয়তো কোনো মিম দেখছে!
আগে যদি কেউ হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে নাচ শুরু করত,
লোকজন জড়ো হয়ে যেত—
“কি হলো? কিছু সমস্যা?”
আজ?
দু’জন ক্যামেরা ধরলেই বোঝা যায়—
“Reels বানানো হচ্ছে, disturb কোরো না!”
আসলে সময়ের সাথে সাথে শুধু পৃথিবীই বদলায় না,
আমাদের মাথার ভেতরটাও রেগুলার আপডেট হয় —
কখনো Auto Update, কখনো আবার জোর করে Restart!
তাই এখন কেউ অদ্ভুত কিছু করলে তাকে পাগল ভাবার আগে,
একটু দাঁড়িয়ে ভাবি — হয়তো আমি এখনও পুরনো ভার্সনেই আটকে আছি !