আজকের বিশ্ব নানা দেশ, নানা ব্যবস্থা, নানা আদর্শ নিয়ে এগোচ্ছে। কেউ সম্পদের স্বাধীন বাজারে বিশ্বাসী, কেউ আবার সমবন্টনের সমাজ গড়তে চায়। কেউ আবার দুইয়ের মাঝামাঝি পথ খুঁজে নিচ্ছে।
তন্ত্র যেমনই হোক, যদি তাতে মানবিকতা, ন্যায়বিচার ও সমান সুযোগ না থাকে—তবে তা শুধুই কাঠামো। সমাজতন্ত্রের আদর্শ, ধনতন্ত্রের গতি আর সামাজিক গণতন্ত্রের ভারসাম্য—এই তিনের ভিতরে কোথাও হয়ত ভবিষ্যতের মানবিক রাষ্ট্রের রাস্তা লুকিয়ে আছে।
ফিনল্যান্ড একটি ধনতান্ত্রিক রাষ্ট্র, তবে সে ধনতন্ত্রে রয়েছে উন্নত সমাজতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায্যতা নিশ্চিত করার উদ্যোগ। তাই এটিকে আদর্শ “Social Democracy”-র উদাহরণ বলা হয়, যেখানে অর্থনীতি বাজারনির্ভর হলেও নাগরিক সেবা সর্বজনীন ও মানবিক।
শিক্ষা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিশু ভাতা, মাতৃত্বকালীন ছুটি, পেনশন—সবই রাষ্ট্র দেয়। আবার ব্যক্তির স্বাধীন ব্যবসাও চলে।
ফিনল্যান্ডে তাই আমরা দেখতে পাই — ধনতন্ত্রের উদ্যম আর সমাজতন্ত্রের মানবতা—দু’টিকেই কীভাবে একসঙ্গে রাখা যায়।
তাই ফিনল্যান্ডের ক্ষেত্রে সরাসরি বলা যায় — এটি একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা (Mixed Economy) অনুসরণ করে, যেখানে ধনতন্ত্রের কাঠামোর উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক নীতির প্রভাব রয়েছে।
ফিনল্যান্ডে রয়েছে বহুদলীয় গণতন্ত্র । বিভিন্ন রাজনৈতিক দল আছে — বাম, ডান, মধ্যমপন্থী। সমাজতন্ত্র বা ধনতন্ত্র নয়, মৌলিকভাবে মানবিক রাষ্ট্রগঠনের দর্শনেই বিশ্বাস করে এই দেশ ।
রাষ্ট্র কোনো ধর্মীয় বা বর্ণভিত্তিক বিভাজন করে না। ফিনিশ সমাজ বিশ্বের অন্যতম ধর্মনিরপেক্ষ সমাজ।