সেদিন ঘরে বসে আমরা দু’জন মিলে আমাদের চল্লিশ বছর আগের বিয়ের অ্যালবাম দেখছিলাম।
অ্যালবামটা খুলতেই মনে হলো, সময় যেন হঠাৎ উল্টো দিকে হাঁটতে শুরু করেছে।
ছবিতে আমরা দু’জন—কী সুন্দর, কী তরতাজা! মাথায় তখন চুল ছিল, হাঁটুর ব্যথা ছিল না, চশমা ছিল না, আর সবচেয়ে বড় কথা—একটা ছবি তুলতে গিয়ে তিনবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হতো না!
পাতা উল্টাতেই কত চেনা মুখ—বাবা, মা, কাকা, জ্যাঠা, আত্মীয়, বন্ধু… সবাই হাসছে।
কী আশ্চর্য! ছবিতে সবাই আছে, শুধু ছবির বাইরে নেই।
হঠাৎ মনে হলো, আজ থেকে আরও চল্লিশ বছর পর আমাদের ছেলেমেয়েরা যখন তাদের অ্যালবাম দেখবে, তখন হয়তো আমরাও ছবির মানুষ হয়ে যাব।
ও বলল,—“ভাবো তো, তখন আমরা কোথায় থাকব?”
আমি বললাম,—“কে জানে! বিজ্ঞান বলে, মৃত্যুর পর সব শেষ। আর ধর্মগুলো বলে, সব শেষ নয়। হিন্দু ধর্মে আত্মাকে অমর বলা হয়, কর্ম অনুযায়ী পুনর্জন্মের কথা আছে। বৌদ্ধধর্মে স্থায়ী আত্মার বদলে কর্মের ধারাবাহিকতা ও নির্বাণের কথা বলা হয়। ইসলাম ও খ্রিস্টধর্মে মৃত্যুর পর বিচার ও পরকালের জীবনের কথা আছে। অন্য ধর্মেও আছে অন্যরকম বিশ্বাস।”
ও বলল,—“তাহলে সত্যিটা কী?”
আমি বললাম,—“মরে গেলেই জানতে পারবে!”
ও হেসে বলল,—“সেই জন্যই তো ভয়! যদি গিয়ে দেখি, আবার পরীক্ষা দিতে হবে!”
আমি বললাম,—“তুমি তো সারাজীবন পরীক্ষাকে ভয় পেয়েছ!”
ও হেসে ফেলল।
তারপর একটু চুপ করে ভাবলাম—সত্যিই যদি মৃত্যুর পর এমন কোনো জায়গা থাকে, যেখানে আমাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর সঙ্গে আবার দেখা হবে?
মা হয়তো বলবে, “এত দেরি করলি কেন?”
পুরনো বন্ধুরা বলবে, “চল, আবার আড্ডা দিই।”
আর যারা আমাদের হিংসা করতো বা আমাদের ছোট করার চেষ্টা করতো , তারা হয়তো দূর থেকে থেকে হাসতে হাসতে এগিয়ে আসবে ।
ও বলল,—“না না, ওপারে গিয়ে আমি ওদের এড়িয়ে চলব!”
আমি বললাম— “আরে, মৃত্যুর পরে নাকি লোভ থাকে না, হিংসা থাকে না, রাগ থাকে না—সবাই ভালো মানুষ হয়ে যায়!
ও বলল, – “তাহলে তো ব্যাপারটা বেশ মজার! জীবিত অবস্থায় ভালো মানুষ হওয়ার এত কষ্ট কেন?মরে গেলেই যখন সবাই ভালো হয়ে যায়! ”
দু’জনেই হেসে উঠলাম।
কিন্তু হাসির পর হঠাৎ মনে হলো—যদি সত্যিই ওপার থেকে পৃথিবীকে দেখা যায়?
যদি দেখি আমাদের সন্তানরা কষ্ট পাচ্ছে ?
যদি দেখি আমাদের বাড়িটা আর নেই?
যদি দেখি প্রিয় গাছটা কেটে ফেলা হয়েছে?
যদি দেখি আমাদের অ্যালবামটা কেউ আর খোলে না?
তাহলে তো খুব কষ্ট হবে।
তাই যদি সত্যিই কোনো পরলোক থাকে, আমার ছোট্ট একটা ইচ্ছে আছে—
সেখানে যেন আমাদের শুধু সেই মানুষগুলোর সঙ্গে দেখা হয়, যাদের আমরা ভালোবাসতাম। পৃথিবীটাকে যেন আর দেখতে না হয়।
কারণ পৃথিবীকে আমরা খুব ভালোবেসেছি।
আর যাকে খুব ভালোবাসা যায়, তাকে হারানোর দৃশ্য বারবার দেখা যায় না।
অ্যালবামটা বন্ধ করে ও বলল,—“চলো, আজ থাক।”
আমি বললাম,—“কেন?”
ও বলল,—“অনেক পুরনো মানুষকে দেখে ফেলেছি। এবার একটু বর্তমানের মানুষ দু’জনকে দেখি।”
আমি ওর দিকে তাকিয়ে বললাম,—“আমাদেরও তো একদিন পুরনো ছবি হয়ে যেতে হবে।”
ও মৃদু হেসে বলল,—“তাহলে একটা কথা মনে রেখো—আমাদের ছবি দেখে যেন ছেলেমেয়েরা শুধু না কাঁদে, একটু হাসেও।”
আমি বললাম,—“আর যদি সত্যিই কোনো ওপার থাকে?”
ও বলল,—“তাহলে?”
আমি বললাম,—“তাহলে সেখানে একটা বড় অ্যালবাম রাখব। পৃথিবীর কোনো ছবি থাকবে না। থাকবে শুধু আমাদের প্রিয় মানুষগুলোর ছবি।”
ও বলল,—“আর চা?”
আমি বললাম,—“চা ছাড়া আবার পরলোক হয় নাকি?”
দু’জনেই হেসে উঠলাম।
বাইরে তখন সন্ধ্যা নামছে।
আর অ্যালবামের ভেতর চল্লিশ বছর আগের দু’জন তরুণ-তরুণী যেন চুপচাপ আমাদের দিকেই তাকিয়ে হাসছে।
হয়তো জীবন শেষ হয়ে যায়,
কিন্তু ভালোবাসার অ্যালবামটা কখনও বন্ধ হয় না।