সন্ধ্যা নামছিল ধীরে ধীরে। পশ্চিম আকাশে সূর্য তার শেষ আলোটুকু গাছের পাতায় রেখে বিদায় নিচ্ছিল। গ্রামের পুরোনো বটগাছের নিচে, চায়ের দোকানে এক কাপ ধোঁয়া ওঠা চায়ের পাশে বসে গল্প করছিল কয়েকজন তরুণ। আলোচনার বিষয়—ভালোবাসা।
প্রথমেই মিকি বলে উঠল,— “ভালোবাসা মানে সারাদিন ‘খেয়েছ?’, ‘ঘুমিয়েছ?’, ‘অনলাইনে কেন আসছো না?’—এইসব জিজ্ঞেস করা!”
সবাই হেসে উঠল।
পাশ থেকে রুদ্র বলল,— “না রে! ভালোবাসা মানে মাসের শেষে নিজের পকেট খালি করে অন্যজনের জন্য বিরিয়ানি খাওয়ানো।”
শুভ্র বলল,— “ভালোবাসা মানে বুকের ভেতর প্রজাপতি উড়ে বেড়ানো।”
আর অভ্র হেসে বলল,— “না, ভালোবাসা মানে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেলেও কথা শেষ না হওয়া।”
অর্ঘ্য বলল,— “ভালোবাসা মানে কাউকে ছাড়া এক মুহূর্তও ভালো না লাগা।”
হাসির ঢেউ উঠল। মনে হলো, সবাই যেন ভালোবাসাকে চিনে ফেলেছে।
ঠিক তখনই বটগাছের ছায়া থেকে ধীরে ধীরে উঠে এলেন গ্রামের এক বয়স্ক মানুষ । মুখভরা সাদা দাড়ি, চোখে অদ্ভুত শান্তি। তিনি বললেন,— “তোরা ভালোবাসার শুধু এপিঠটাই দেখলি । ওপিঠটা দেখলি না ? “
মিকি অবাক হয়ে জিজ্ঞেস করল,— “ওপিঠ আবার কী?”
বৃদ্ধ ভদ্রলোক বললেন,— “নতুন মোবাইল কিনলে প্রথম কয়েক দিন সারাক্ষণ তো হাতেই রাখিস। পরে কোথায় রেখেছিস তাও মনে থাকে না। তাই বলে কি মোবাইলটা অপ্রয়োজনীয় হয়ে যায়? না। কারণ তখন ওটা জীবনের অংশ হয়ে যায়। ভালোবাসাও তেমন।”
সবাই চুপ।
ওনি আবার শুরু করলেন,— “প্রথমে ভালোবাসা চোখে লাগে। তারপর মনে লাগে। শেষে যদি সত্যি হয়, তাহলে অভ্যাসে মিশে যায়। তখন আর প্রতিদিন ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে হয় না।
রুদ্র মজা করে বলল,— ” দাদু , তাহলে আমার বউ যখন আমাকে বাজারের ব্যাগ ধরিয়ে দেয়, ওটাও ভালোবাসা?”
দাদু হেসে বললেন,— “অবশ্যই! তবে ব্যাগটা যদি দশ কেজির হয়, তাহলে সেটা ভালোবাসার সঙ্গে শরীরচর্চাও!”
দোকানে আবার সবাই হাসিতে ফেটে পড়ল।
ওনি আবার বলতে আরম্ভ করলন ,— “তোরা ভালোবাসার রং দেখেছিস, কিন্তু তার গভীরতা দেখছিস না ।”
সবাই চুপ।
দাদু এবার আকাশের দিকে তাকিয়ে বললেন,— “প্রকৃতি কখনও ফুল দিয়ে গাছকে বিচার করে না। সে বিচার করে শিকড় দিয়ে। কারণ ফুল ঋতু বদলালে ঝরে যায়, শিকড় থাকলে আবার ফুল ফোটে।”
“ভালোবাসাও তেমনই। তার ফুল হলো অনুভূতি। আর শিকড় হলো বিশ্বাস, সম্মান, দায়িত্ব আর ত্যাগ।”
অর্ঘ্য জিজ্ঞেস করল,— “তাহলে দাদু , অনুভূতি কি মিথ্যে?”
দাদু মৃদু হেসে বললেন,— “নারে । অনুভূতি মিথ্যে নয়। কিন্তু অনুভূতি নদীর ঢেউয়ের মতো—আসে, যায়, বদলে যায়। ভালোবাসা নদী নয়, নদীর দুই তীর। ঢেউ যতই বদলাক, তীর তাকে পথ দেখিয়ে নিয়ে যায়।”
বাতাসে হঠাৎ শিউলি ফুলের গন্ধ ভেসে এল।
দাদু আবার বললেন,— “শোন, ভালোবাসার এপিঠে আছে চোখে চোখ রাখা, কবিতা লেখা, অপেক্ষার উত্তেজনা, স্পর্শে কাঁপন। এই দিকটি সুন্দর, রঙিন, মোহময়।”
“কিন্তু ওপিঠে?”
তিনি একটু থামলেন।
“ওপিঠে আছে রাত জেগে ওষুধ খাওয়ানো। রাগের পরেও জল এগিয়ে দেওয়া। নিজের ইচ্ছাকে একটু সরিয়ে অন্যের স্বপ্নের জন্য জায়গা করে দেওয়া। কেউ না দেখলেও প্রতিশ্রুতি রক্ষা করা।”
“এপিঠ মানুষকে প্রেমে ফেলে। ওপিঠ মানুষকে মানুষ করে।”
সবাই নীরব।
দাদু মাটিতে পড়ে থাকা একটি শুকনো পাতা তুলে হাতে নিলেন।
— “এই পাতাটা একদিন সবুজ ছিল। সময় তাকে হলুদ করেছে। কিন্তু গাছ কি তাকে ঘৃণা করেছে? না। কারণ গাছ জানে, ঝরে পড়া পাতার মধ্যেই নতুন কুঁড়ির জন্ম লুকিয়ে থাকে।”
“সম্পর্কও তাই। যেখানে অভিমান নেই, সেখানে ক্ষমার সৌন্দর্য নেই। যেখানে দূরত্ব নেই, সেখানে ফিরে আসার আনন্দ নেই। যেখানে কষ্ট নেই, সেখানে ত্যাগের মহিমাও নেই।”
মিকি ধীরে ধীরে বলল,— “তাহলে ভালোবাসা আসলে কী, দাদু ?”
দাদু চোখ বন্ধ করে উত্তর দিলেন,— “ভালোবাসা কোনো অনুভূতির নাম নয়। অনুভূতি তার প্রথম দরজা মাত্র। ভালোবাসা হলো এমন এক সাধনা, যেখানে ‘আমি’ ধীরে ধীরে ‘আমরা’ হয়ে যায়।”
“ভালোবাসা হলো এমন এক নীরব ভাষা, যেখানে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার চেয়ে ‘তুমি ক্লান্ত, একটু বসো, আমি কাজটা করি’—এই বাক্যটি অনেক বেশি সত্য।”
সন্ধ্যা ঘনিয়ে এলো। আকাশে প্রথম তারা জ্বলল।
সবাই বাড়ি ফিরে গেল।
শুধু অর্ঘ্য পথের ধারে দাঁড়িয়ে রইল।
সে দেখল, তার বৃদ্ধ বাবা ধীরে ধীরে হাঁটছেন। পাশে তার মা। বাবার হাঁটা কষ্টকর, তবু তিনি মায়ের বাজারের ব্যাগটি নিজের হাতে নিয়েছেন। তারা চুপচাপ হেঁটে যাচ্ছে , কেউ কোন কথা বলছে না। কিন্তু তাদের নীরবতার ভেতর এমন একটি সংলাপ চলছিল, যা কোনো ভাষায় লেখা যায় না।
অর্ঘ্য বুঝতে পারলো —ভালোবাসা শব্দে যতটা প্রকাশ পায়, তার চেয়ে অনেক বেশি প্রকাশ পায় নীরবতায়।কারণ সত্যিকারের ভালোবাসা কখনও নিজেকে প্রমাণ করতে চায় না।
সে শুধু পাশে থাকে।
যতদিন শ্বাস থাকে,
ততদিন নয়—
যতদিন হৃদয়ে সম্মান থাকে,
ততদিন।
প্রেম চোখে জন্মায়,
ভালোবাসা হৃদয়ে বেড়ে ওঠে,
কিন্তু সত্যিকারের ভালোবাসা আত্মায় বাসা বাঁধে।
সেখানে অধিকার থাকে না,
থাকে শুধু গ্রহণ করার বিনয়।
ভালোবাসা কখনও পাওয়ার গল্প নয়,
ভালোবাসা হয়ে ওঠার গল্প।
যে মানুষ ভালোবাসতে শেখে,
সে হারিয়েও নিঃস্ব হয় না,
কারণ তার ভেতরে তখন একটি আলো জ্বলে ওঠে—
যে আলো অন্যের পথও আলোকিত করে।