বিয়ের নিমন্ত্রণপত্র পেলে যতটা না আনন্দ দেয়, তার চেয়ে বেশি দুশ্চিন্তা দেয় এই ভেবে —”উপহার কী দেব?”
কারণ, কার্ডের ওপর যতই লেখা থাকুক—“আপনার উপস্থিতিই আমাদের প্রাপ্তি“—আমরা জানি, এই বাক্যের নিচে অদৃশ্য কালি দিয়ে আরেকটা লাইন লেখা আছে—“উপহার আনতে ভুলবেন না!”
তারপর শুরু হয়ে যায় উপহার-অনুসন্ধান অভিযান।
এবারও তার ব্যতিক্রম হলো না। ছোটবেলার বন্ধু সৌম্যর বিয়ে।
স্ত্রী সাথী বলল,- “চলো, একটা সুন্দর শোপিস কিনে দিই।”
আমি বললাম, “গত মাসে ওর বাসায় গিয়ে দেখলাম পাঁচটা শোপিসে ধুলো জমে আছে। আমরা আরেকটা দিলে ওটা হয়তো ধুলোর ষষ্ঠ সদস্য হবে।”
সাথী বলল, – “তাহলে ডিনার সেট?”
আমি বললাম, “ওদের বিয়েতে মোট চারশ জন নিমন্ত্রিত। তার মধ্যে যদি দশজনও ডিনার সেট দেয়, তাহলে ওদের বাড়িতে আলাদা থালাবাসনের দোকান খুলতে হবে!
জানো একবার এক বন্ধুর বিয়েতে খুব ভেবেচিন্তে একটা শাড়ি কিনে উপহার দিয়েছিলাম।ছয় মাস পরে আরেক বন্ধুর বাড়িতে গিয়ে দেখি, ওর বৌ আমার সেই শাড়ীটা পড়ে রয়েছে ।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,”আরে! এটা কোথায় পেলে?
সে গর্ব করে বলল,বিয়েতে কেউ দিয়েছিল।”
সেদিন বুঝলাম, আমাদের দেশে শুধু মানুষ নয়, উপহারও পুনর্বাসন প্রকল্পে অংশ নেয়।
সাথী হাল ছেড়ে বলল, “তুমি তাহলে কী দিতে চাও?”
আমি বললাম, “সেটাই তো বুঝতে পারছি না।”
ঠিক তখনই পাশের ঘর থেকে বাবা বললেন, “তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর খুঁজছিস!”
আমি বললাম, “তার চেয়েও কঠিন।”
বাবা হেসে বললেন, “উপহার দেওয়া আসলে একেবারেই ব্যক্তিগত বিষয়। এটা ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, পরীক্ষার প্রশ্ন নয় যে ঠিক উত্তর একটাই হবে।”
আমি বললাম, “তা হলে কী দেখে উপহার বেছে নেব?”
বাবা আঙুল গুনে বলতে শুরু করলেন, “চারটে প্রশ্ন করবি নিজেকে। উপহারটা ওর পছন্দ হবে? ওর কোনো কাজে লাগবে? সম্পর্কটা আরও সুন্দর করবে? আর এমন কিছু হবে না তো, যা ভুল বার্তা দেয়?”
আমি মাথা নেড়ে বললাম, “শুনতে সহজ। কিন্তু বাজারে গিয়ে সব গণ্ডগোল হয়ে যায় ।কিন্তু বাবা এই চারটে প্রশ্নের উত্তর একসঙ্গে পাওয়া বড় কঠিন।”
বাবা আলমারি খুলে একটা সুন্দর খাম বের করে বললেন – একটা সুন্দর খামের ভেতরে রাখা কিছু টাকা অন্তত শেষ তিনটে পরীক্ষায় সহজেই পাস করে যায়। এই নে, এর ভেতরে কিছু টাকা রেখে দে।”
আমি তো অবাক!
“টাকা? এটা আবার উপহার হলো নাকি?”
বাবা বললেন, “কেন হবে না? নবদম্পতি কি শোপিস দিয়ে সংসার শুরু করবে, নাকি নিজেদের প্রয়োজনমতো জিনিস কিনবে?”
ভাবলাম, কথাটা মন্দ বলেননি।
বাবা আরও বললেন, “অনেক সময় ছোটদের টাকা দেওয়া হয়, যাতে তারা নিজের পছন্দমতো কিছু কিনতে পারে। কেউ উচ্চশিক্ষায় ভর্তি হলে বা নতুন চাকরি শুরু করলে নগদ অর্থই সবচেয়ে কাজে লাগে। আর যদি বুঝতেই না পারিস কী উপহার দিবি, তাহলে টাকা কখনোই খারাপ বিকল্প নয়।”
সাথী তখনও পুরোপুরি রাজি না ।
ও বলল, “লোকজন কী বলবে?”
বাবা হেসে উত্তর দিলেন,”লোকজন তো এমনিতেই কিছু না কিছু বলে।”
তারপর শুরু হলো বাবার আন্তর্জাতিক জ্ঞান।
“চীনে লাল খামে টাকা দেওয়ার প্রচলন বহুদিনের। জাপানেও বিয়েতে অতিথিরা সাধারণত অর্থই দেন। আবার অনেক উন্নত দেশে কেউ শুধু অনুষ্ঠানে এসে আন্তরিক শুভেচ্ছা জানালেই সবাই খুশি। সেখানে উপহার দেওয়াটা বাধ্যতামূলক নয়।”
আমি মনে মনে ভাবলাম, পৃথিবীটা তাহলে বেশ যুক্তিবাদীই!
আমাদের দেশে অবশ্য অনেক সময় উপহার না নিয়ে বিয়েতে যাওয়াটা এমন অপরাধ, যেন পরীক্ষার হলে কলম ছাড়া ঢুকেছি।
ফলে যাঁদের সামর্থ্য কম, তাঁরাও অকারণে চাপে পড়েন।
অথচ বিয়ে তো আনন্দের অনুষ্ঠান, আর্থিক প্রতিযোগিতা নয়।
আমি বললাম, “তা হলে আমরা এত চিন্তা করি কেন?”
বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, “কারণ আমরা অনেক সময় উপহারকে শুভেচ্ছার চেয়ে সামাজিক দায়িত্ব বেশি মনে করি।”
কথাটা মনে ধরল।
সত্যিই তো—অনেক সময় দেখা যায়, একই ধরনের পাঁচটা ফুলদানি, সাতটা ঘড়ি আর আটটা শাড়ি জমে গেছে। পরে সেগুলো আলমারিতে পড়ে থাকে, কিংবা পরের কোনো বিয়েতে নতুন মোড়ক লাগিয়ে আবার উপহার হিসেবে চলে যায়। উপহারেরও যেন পুনর্জন্ম ঘটে!
আজকাল অবশ্য কিছু কিছু নবদম্পতি বুদ্ধি করে আগে থেকেই নিজেদের ‘উইশ লিস্ট’ পাঠিয়ে দেন। এতে অতিথিদেরও সুবিধা হয়, আর এমন কিছু উপহার আসে যা সত্যিই কাজে লাগে।
শেষ পর্যন্ত আমিও একটা সুন্দর খামের মধ্যে কিছু টাকা রেখে লিখে দিলাম—“ভালোবাসাটা আমাদের, পছন্দটা তোমাদের ।”
বিয়ের দিন সৌম্য খামটা হাতে নিয়ে হেসে বলল, “দোস্ত, এটাই আজ সবচেয়ে কাজে লাগবে।”
আমি মনে মনে ভাবলাম, উপহারের আসল মূল্য তার দামে নয়, তার উপযোগিতায়। আর যদি উপহার এমন হয়, যা প্রাপকের নিজের পছন্দ আর প্রয়োজন পূরণ করতে সাহায্য করে, তাহলে সুন্দর একটি খামের ভেতরে রাখা আন্তরিক শুভেচ্ছাসহ কিছু নগদ অর্থের চেয়ে ভালো উপহার বোধহয় খুব কমই আছে।
তাই আজকাল আমরা সুন্দর একটা খামের মধ্যে টাকা দিই।
এতে দু’পক্ষেরই সুবিধা।
তারা যা দরকার তাই কিনতে পারে, আর আমাদের আর কাচের রাজহাঁস, প্লাস্টিকের হাঁস-মুরগি বা অজ্ঞাতপরিচয় শিল্পীর বিমূর্ত শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় পড়তে হয় না!
তবে একটা কথা – “যেদিন আমাদের ছোট ছেলের বিয়ে হবে, সেদিন কেউ যদি আবার একটা কাচের রাজহাঁস উপহার দেয়, তাহলে কিন্তু সেটা তার হাতেই ফেরত দিয়ে বলব—’ভাই, এটা আপনি পরের বিয়েতে ব্যবহার করুন!'”