অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, শাসকের বুটজুতো যখন কারো কণ্ঠস্বর চিরতরে চেপে ধরতে চায়, তখন প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। ইতিহাস আমাদের শিখিয়েছে—শোষিতের ধৈর্যেরও একটা শেষ থাকে। সেই শেষ বিন্দু থেকেই জন্ম নেয় সংগ্রাম। সেই সংগ্রাম কখনো কলমে, কখনো স্লোগানে, আবার কখনো হাতে তুলে নিতে হয় অস্ত্র।
আমরা মানুষ। আমাদের হৃদয়ে ধুকপুক করে যে স্পন্দন, তা যুদ্ধের দামামায় চাপা পড়ে গেলে আমরা শুধুই নামমাত্র মানুষ হয়ে থাকি।
সন্ত্রাস, আতঙ্কবাদ, সাম্রাজ্যবাদ—এই তিন মাথাওলা দানব মানব সভ্যতাকে প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা ভাবছে তারা ভয় দেখিয়ে বিশ্ব জয় করবে ।
যুদ্ধ তখনই গ্রহণযোগ্য, যখন তার লক্ষ্য মুক্তি, সম্মান আর মানবিক অধিকার প্রতিষ্ঠা করা হয় । কিন্তু সাম্রাজ্য বিস্তারের লোভে কিংবা উগ্র মতবাদ প্রতিষ্ঠার নেশায় যখন যুদ্ধ বাধানো হয়, তখন সে যুদ্ধ হয়ে ওঠে সভ্যতার গলায় ছুরি চালানোর নামান্তর।
আজ বিশ্বের সব দেশ মিলে নেওয়া উচিৎ এক দৃঢ় অবস্থান—না ধর্মীয় সন্ত্রাসের পক্ষে, না সাম্রাজ্যের পক্ষে, বরং মানবতার পক্ষে। পৃথিবীর প্রতিটা মানুষ যেন প্রতিবাদ জানায় ধর্মীয় সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আর চীৎকার করে আওয়াজ তুলে বলে —
আমি যুদ্ধ চাই না, আমি চাই শান্তি। কিন্তু সেই শান্তি হোক সম্মানের, ন্যায়বিচারের, ভালোবাসার।