গত ২৭/১০/২০২৪ তারিখ আমরা দুটো বন্ধু পরিবার গাড়ি নিয়ে কলকাতা থেকে সকালে বেড়িয়ে পড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বন্দরনগরী হলদিয়া ভ্রমণে । পথে দেখার ইচ্ছা তমলুকের ৫১ সতীপীঠের অন্যতম, মা বর্গভীমা মন্দির ও মহিষাদল রাজবাড়ি । রূপনারায়ণ নদী পেরিয়ে যথারীতি প্রতরাশ সারতে দাড়িয়ে পড়লাম কোলাঘাটে । তারপর মেচেদা হয়ে আধাঘণ্টায় সোজা পৌঁছে গেলাম তমলুকের বর্গভীমা মন্দিরে । খুব একটা ভিড় না থাকায় আমাদের মন্দির প্রদক্ষিণ করতে আর প্রতিমা দর্শন করতে বেশী সময় লাগলো না । শুনলাম ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে জুড়ে রয়েছে অজস্র টেরাকোটার কাজ। দেখলাম মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি দেবী উগ্রতারা রূপে মায়ের মূর্তি বিরাজ করছে ।পাশেই রয়েছে একটা পুকুর যার ঘাট রেয়েছে বাঁধান।পুরহিতমশাইয়ের কাছে শুনলাম এখানে অন্নভোগে নানা ব্যঞ্জনের পাশাপাশি এখনও রোজ মাকে নিবেদন করা হয় শোল মাছের ঝোল। তারপর ওখান থেকে 18 কিমি দূরে গেলাম মহিষাদল রাজবাড়ি দেখতে যেটা উত্তরপ্রদেশের জনার্দন উপাধ্যায় (গর্গ) এর বাসস্থান হিসাবে তৈরি করা হয়েছিল। এটি একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ।এই বিশাল এলাকার সুন্দর প্রাঙ্গণে বিখ্যাত কৃষ্ণ মন্দির এবং গোপালজী মন্দির রয়েছে। রাজবাড়ির মধ্যে রয়েছে মিউজিয়াম, যেখানে রাজপরিবারের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয়।
তারপর ওখান থেকে 20 কিমি দূরে হুগলী নদীর তীরে, বন্দর এবং শিল্পাঞ্চলের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ভরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি সুন্দর শহর হলদিয়াতে এসে পৌছালাম । প্রথমেই গেলাম হলদিয়ার সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি , হলদি নদীর ধারে মেরিন ড্রাইভে যেটা কোস্ট গার্ড জেটি থেকে 3য় তেল জেটি পয়েন্ট পর্যন্ত একটি সুন্দর 6 কিলোমিটার দীর্ঘ প্রসারিত । নদীর ধারে সময় কাটানোর জন্য অনেক খাবারের দোকান ও বসার জায়গা আছে । বিশাল এই হলদি নদী কংসাবতী ও কেলেঘাই নদীর যুগ্ম প্রবাহের নাম। কেশবপুরের কাছে দুই নদী মিলিত হয়ে হলদি নদীর উৎপত্তি ঘটেছে। হলদিয়া নামের সঙ্গে যুক্ত আছে এই হলদি নদী। এই নদী হলদিয়াতেই বঙ্গোপসাগরে এসে মিশেছে। হলদিয়াতে ভ্রমণপিপাসুদের আকর্ষণের জন্য রয়েছে নদীচর, সমুদ্রবন্দর, জনপদ, তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যালস । এছাড়া দুর্গাচকে দেখলাম একটা ইকো পার্ক । শান্ত নিরিবিলি কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর একটা দিন কাটালাম ।