সোশ্যাল মিডিয়ার নকল খবর চিনবো কীভাবে? – সুপ্রিয় রায়

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই অনেক ভুয়ো বা নকল খবর ছড়ায়, যা বিভ্রান্তি তৈরি করে এবং কখনও কখনও বড় ক্ষতির কারণও হতে পারে। আজকাল আমরা সবাই খবর পড়ি, দেখি বা শেয়ার করি — মোবাইল স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই “খবর” কতটা আসল? কতটা সত্য? এ প্রশ্ন অনেকেই করি না।

প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট ঘোরাফেরা করে। তার মধ্যে অনেক খবর বা বার্তা “নকল” বা “ভুয়ো”। এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয় — কখনও রাজনীতি, কখনও গুজব, কখনও আবেগে ভরিয়ে মানুষকে বিভ্রান্ত করতে। যারা নিজেরা কিছু না জেনে গুজব, কুসংস্কার, ভুয়ো তথ্য ছড়িয়ে বেড়ায়, তারা সমাজের চিন্তাশীল মননকে আঘাত করে।

তাহলে ভুয়ো খবর চিনবো কীভাবে?

  • ভুল খবর চেনা সত্যি কঠিন, তবে অসম্ভব নয়। নিচে কিছু সহজ উপায় দেওয়া হল:

১. খবর কোথা থেকে এসেছে? (উৎস যাচাই করা)

যে পেজ, প্রোফাইল বা ওয়েবসাইট থেকে খবরটা এসেছে — সেটা কি কোনও নামী সংবাদমাধ্যম? না কি অচেনা পেজ?

বিশ্বাসযোগ্য নাম ছাড়া খবরকে সন্দেহ করা ।

২. শিরোনামেই নাটক? সাবধান!

“দেখলে শিউরে উঠবেন!”, “আপনার সন্তানও বিপদে!” “চমকে উঠবেন!” বা “অবিশ্বাস্য!”  — এমন ভয় দেখানো বা অতিরঞ্জিত হেডলাইন মানেই ক্লিক-বেট (clickbait)। ভিতরে তথ্য খুবই কম, উত্তেজনা অনেক।

৩. ছবি বা ভিডিও — বাস্তব না বাহুল্য?

অনেক ভুয়ো খবর পুরনো বা অন্য ঘটনার ছবি/ভিডিও জুড়ে দেয়।
Google Reverse Image Search দিয়ে যাচাই করা যায় ছবির উৎস।

৪. খবর কবে ঘটেছে? (তারিখ পরীক্ষা করা)

পুরনো খবর নতুন করে ছড়ানো একটা সাধারণ কৌশল। তাই তারিখ অবশ্যই মিলিয়ে নেওয়া উচিৎ ।

৫. ভাষার উপর নজর দেওয়া

ভুয়ো পোস্টে সাধারণত ভুল বানান, আবেগময় ভাষা, এবং “তৎক্ষণাৎ শেয়ার করুন” জাতীয় আহ্বান থাকে। এগুলো বিশ্বাসযোগ্যতার অভাব দেখায়।

৬. বিশ্বাসযোগ্য ফ্যাক্ট-চেকিং সাইটে যাচাই করা

কিছু ওয়েবসাইট নিয়মিত ভুয়ো খবর খণ্ডন করে:

🔸 AltNews.in

🔸 BoomLive.in

🔸 PIB Fact Check

🔸 Factly.in

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা খবরের সাগরে ডুবে থাকি।  সেখানে সোনা যেমন আছে, তেমনি বিষও। তাই কোনও কিছু বিশ্বাস    করার আগে ৩০ সেকেন্ড সময় নাও  — ভাবো , যাচাই কর, তারপর শেয়ার কর। কারণ যা শুনেই বিশ্বাস হয়, সেটা সত্য নাও হতে পারে। যা সন্দেহ হয়, তা খারাপ না-ও হতে পারে। যাচাই করাই বুদ্ধিমানের কাজ। সচেতন নাগরিক হিসেবে এটাই হওয়া উচিৎ আমাদের কর্তব্য ।

Leave a Reply