মানবিক মূল্যায়নের মানদণ্ড – সুপ্রিয় রায়

প্রতিদিন আমাদের চারপাশে কত কিছুই না দেখি, বিচার করি, তুলনা করি—কখনও জুতোর দাম, কখনও মোবাইলের ক্যামেরা, কখনও গাড়ির মাইলেজ বা ঘড়ির ব্র্যান্ড। আমরা জিনিসের মান বুঝতে শিখেছি, মাপকাঠি খুঁজে নিয়েছি। ভালো-মন্দ নির্ধারণের জন্য কিছু মানদণ্ড আমাদের স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। প্রতিটি বস্তুকে আমরা নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে বিচার করি। যেমন—একটি কলমের মূল্য নির্ধারিত হয় তার কালি, স্থায়িত্ব, আর ধরার সুবিধার ওপর। একটি গাড়ির গুণাগুণ বিচার হয় তার গতি, জ্বালানির সাশ্রয়, আরামদায়কতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য দিয়ে। অর্থাৎ, প্রতিটি জড় বস্তুর মূল্যায়ন আমরা করি তার কাজ, কার্যকারিতা ও প্রয়োজনীয়তা দিয়ে।

কিন্তু আশ্চর্যজনকভাবে, মানুষের মূল্যায়নে আমরা সেই সরলতা বা নিরপেক্ষতা রাখতে পারি না। বরং সেখানে প্রবেশ করে পক্ষপাত, সামাজিক গোঁড়ামি, অর্থনৈতিক শ্রেণিবিভাগ, শিক্ষাগত বিভাজন এবং পদমর্যাদার মাপকাঠি। কখনো আমরা কাউকে বিচার করি তার ডিগ্রির পরিমাণ দেখে, কখনো তার পদবি দেখে, আবার কখনো সম্পদের জৌলুশে মুগ্ধ হই। অথচ প্রশ্ন হলো—এই গুণাবলি কি আসলেই একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে?

কিন্তু কোথাও কি আমরা একবারও তার মনুষ্যত্বের কথা ভাবি?
তার মানবিকতা, সহানুভূতি, সরলতা, সততা কিংবা উদারতা—এসব কি আমাদের মানদণ্ডে কোনো জায়গা পায়? আমরা ভুলে যাই, একমাত্র মানদণ্ড যা সত্যিই একজন মানুষকে মানুষ করে তোলে, তা হলো তার মানসিকতা—তার চিন্তাধারা, সহানুভূতি, মানবিক দৃষ্টিভঙ্গি, এবং আচরণগত সততা।

একটা মানুষ কতটা শিক্ষিত, কত বড় পদের অধিকারী, বা কত টাকা রোজগার করে—এসব তার বাইরের পরিচয়। কিন্তু তার ভিতরের পরিচয় তৈরি হয় তার মানসিকতা দিয়ে। সে কীভাবে অন্যের সঙ্গে কথা বলে, বিপদে পড়লে কীভাবে সাহায্যের হাত বাড়ায়, মানুষকে কেমন সম্মান দেয়, প্রবীণদের কতটা শ্রদ্ধা করে—এসবেই ধরা পড়ে তার প্রকৃত মানুষ হয়ে ওঠা।

অথচ আজ আমরা কেবল সেই মুখোশগুলোর দিকে তাকিয়ে থাকি, যা তাকে সমাজে “যোগ্য” বলে প্রতিপন্ন করে, অথচ হয়তো মনুষ্যত্বের বিচারে সে নিতান্তই দীন।

একজন মানুষের ভেতরের আলো না দেখে যদি কেবল বাহ্যিক মোড়কের ভিত্তিতে তার মূল্য নির্ধারণ করা হয়, তবে তা শুধু অন্যায় নয়, বরং আমাদের নিজস্ব মূল্যবোধের দারিদ্র্যকেও তুলে ধরা হবে । সঠিক বিচার করতে হলে একজন ব্যক্তির রাজনীতির ওপর নয়, তার মনুষ্যত্বের ভিত্তিতে বিচার করা উচিত।

কেননা শেষমেশ মানুষকে মানুষ করে তোলে—তার মনুষ্যত্ব, তার হৃদয়।

Leave a comment