বিয়ের দিনটা যেন স্বপ্নের মতো কেটেছিল সাথীর । আলো, গান, আত্মীয়দের ভিড়, হাজারটা ছবি—সব মিলিয়ে একেবারে সিনেমার দৃশ্য। কিন্তু পরের দিন সন্ধ্যায় শশুরবাড়ির দরজায় পা রাখতেই তার মনে হলো—
“এবার আসল গল্প শুরু!”
নিজের বাড়িতে সাথী ছিল খুব আদরের মেয়ে। সকালে মা না ডাকলে তার ঘুমই ভাঙত না। বাবা চায়ের কাপ হাতে খবরের কাগজ পড়তে পড়তে বলতেন— “আমাদের রাজকন্যা উঠেছে?”
আর এখানে?
ভোর ছ’টায় দরজার বাইরে থেকে শাশুড়ির গলা— “বৌমা, ঘুম ভাঙলে নিচে এসো মা।”
গলার স্বরটা মিষ্টিই ছিল, কিন্তু সাথীর কানে সেটা যেন স্কুলের প্রথম ঘণ্টা!
তাড়াহুড়ো করে শাড়ি সামলাতে সামলাতে নিচে নেমে সে দেখল, বাড়ির সবাই প্রায় তৈরি হয়ে গেছে। কেউ বাজারে যাবে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে ব্যস্ত। শুধু সে-ই নতুন ছাত্রীর মতো চারপাশ দেখছে।
শাশুড়ি বললেন,— “আমাদের বাড়িতে সকালের চা একটু আগে হয়।তা “বৌমা,তুমি চা খাবে নাকি চা করবে?”
সাথী তখনও বুঝে উঠতে পারেনি, এটা প্রশ্ন ছিল নাকি দায়িত্ব হস্তান্তর!
কথাটা সাধারণ হলেও,সাথীর মনে হলো তাকে বুঝি খোঁটা দেওয়া হচ্ছে।
প্রথম কয়েকদিন সবই যেন পরীক্ষার মতো লাগত।
একদিন শাশুড়ি মুচকি হেসে বললেন,
— “তোমাকে চাপ দিতে চাইনি মা। শুধু ভাবছিলাম, তুমি যদি আমাদের নিয়মগুলো একটু একটু করে শিখে নাও, তাহলে তোমারই সুবিধা হবে।”
সাথীর ভুল ভাঙল।
সে বুঝল, সব কথা সমালোচনা নয়; অনেক সময় সেটাও মানিয়ে নেওয়ার ভাষা।
রান্নাঘরে ঢুকতেই বড় জা হাসতে হাসতে বললেন—
— “কি সাথী , রান্না জানো তো?”
সাথী মৃদু হেসে বলল—
— “অল্প অল্প…”
এই “অল্প অল্প” কথাটার ফল সে সেদিনই বুঝে গেল।
চা বানাতে গিয়ে চিনি একটু বেশি হয়ে গিয়েছিল। শ্বশুরমশাই কিছু না বললেও পাশ থেকে শাশুড়ির মন্তব্য—
— “আমাদের বাড়িতে এত মিষ্টি চা খাওয়া হয় না মা ।”
দুপুরে ডালে নুন কম।
রাতে রুটি একটু শক্ত।
সাথী মনে মনে ভাবল—
“এ বাড়িতে বুঝি MasterChef-এর বিচারকরা থাকেন!”
তার ওপর আত্মীয়দের প্রশ্নের শেষ নেই।
— “সকালে কয়টায় ওঠো?”
— “শাড়ি পরে কাজ করতে কষ্ট হয় না?”
— “বাপের বাড়িতে এত কাজ করতে?”
— “ছেলে মানুষ করতে পারবে তো?”
সাথীর খুব ইচ্ছে করত বলতে—
“আমি তো সবে বিয়ে করেছি, এখনই পুরো জীবনবৃত্তান্ত কেন জমা দিতে হবে?”
কিন্তু সে শুধু হাসত।
সবচেয়ে বেশি কষ্ট হতো রাতে। সারাদিন সবাইয়ের সামনে হাসিখুশি থাকার পর নিজের ঘরে ঢুকতেই মনটা হঠাৎ খালি হয়ে যেত। নিজের ঘর, নিজের বিছানা, মায়ের ডাক, বাবার হাসি—সব যেন অনেক দূরের পৃথিবী।
একদিন রাতে মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে সাথীর চোখে জল চলে এলো।
মা জিজ্ঞেস করলেন— “কাঁদছিস?”
সাথী তাড়াতাড়ি বলল— “না না, কিছু একটা পড়েছে বোধহয় চোখে।”
মা হেসে বললেন— “নতুন জায়গা, একটু সময় লাগবেই মা।”
সময় সত্যিই একটু একটু করে বদল আনতে শুরু করল।
একদিন শাশুড়ি রান্নাঘরে বললেন— “বৌমা, আজকের আলুর দমটা কিন্তু খুব ভালো হয়েছে।”
এই ছোট্ট প্রশংসাটুকুতেই সাথীর মন ভরে গেল।
আরেকদিন শ্বশুরমশাই বাজার থেকে ফেরার সময় তার পছন্দের সন্দেশ এনে বললেন— “শুনলাম তুমি এটা ভালোবাসো।”
সেদিন প্রথমবার সাথীর মনে হলো, এই বাড়িটাও ধীরে ধীরে তাকে নিজের মানুষ ভাবছে।
তবে সমস্যাও কম ছিল না।
কখনো নিজের মতো করে থাকতে পারত না। নিজের বাড়িতে সে রাত জেগে গান শুনত, বই পড়ত। এখানে রাত দশটার পর সবাই ঘুমিয়ে পড়ে। ফোনে বেশি কথা বললেও কারও না কারও কৌতূহলী দৃষ্টি এসে পড়ে।
আবার অনেক সময় ছোট ছোট ভুল বোঝাবুঝিও হতো।
কেউ কিছু বললে সে ভাবত তাকে অপমান করা হচ্ছে, আবার বাড়ির লোক ভাবত—“নতুন বৌ খুব চুপচাপ!”
একদিন দুপুরে মন খারাপ করে একা বারান্দায় বসে ছিল সাথী । তখন তার স্বামী সার্থক এসে পাশে বসে বলল — “কি হলো?”
— “সবকিছু নতুন লাগছে… মনে হয় আমি যেন ঠিক মানিয়ে নিতে পারছি না।”
সার্থক হেসে বলল— “আমি যখন ছোট ছিলাম, তখন আমিও এই বাড়ির সবাইকে ভয় পেতাম!”
সাথী অবাক হয়ে তাকাতেই সে আবার বলল— “ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমিও এই বাড়ির অংশ হয়ে যাবে।”
সত্যিই তাই হলো।কয়েক মাস পরে সেই সাথীই রান্নাঘরে দাঁড়িয়ে নতুন রেসিপি শেখাচ্ছে। শাশুড়ির সঙ্গে সিরিয়াল নিয়ে গল্প করছে। শ্বশুরমশাই তাকে ডাকছেন— “বৌমা, এক কাপ চা হবে?”
আর সাথী হেসে উত্তর দিচ্ছে— “চিনি কম, ঠিক তো?”
সবার হাসির মধ্যে সাথীও বুঝতে শিখল —নতুন বৌয়ের সবচেয়ে বড় লড়াই শুধু রান্না, শাড়ি বা সংসারের কাজ নয়।সবচেয়ে বড় লড়াই হলো নতুন মানুষ, নতুন নিয়ম আর নতুন সম্পর্কের মাঝে নিজের জায়গাটা খুঁজে পাওয়া।
আর সেই জায়গা একদিন ঠিক তৈরি হয়ে যায়—
যদি দুই পক্ষই একটু ধৈর্য ধরে, একটু বোঝে… আর একটু ভালোবাসে।
নতুন সংসারে মানিয়ে নেওয়ার জন্য দরকার সময়, ধৈর্য আর পাশে একজন বোঝদার মানুষ।