ভালোবাসা ছাড়া দায়িত্ব ও কর্তব্য অর্থহীন – সুপ্রিয় রায়

আমাদের জীবনে চলার পথে  দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা এই তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আমাদের মাঝে সব সময় এসে উপস্থিত হয় যা একে অপরের পরিপূরক, যা আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনকে সঠিক পথে পরিচালিত করে। এর কোন একটাতে ভাটা পড়লেই সম্পর্কতে ভাটা পরে । সুতরাং দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। সম্পর্ক মানেই হলো  পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ, ও যত্ন।

আমরা জানি দায়িত্ব হলো আমাদের স্বতঃস্ফূর্তভাবে গৃহীত বা আরোপিত কিছু কাজের প্রতি প্রতিশ্রুতি। একজন পিতা-মাতার দায়িত্ব সন্তানকে সঠিক পথে গড়ে তোলা আবার একজন সন্তানের দায়িত্ব সব সময় পিতা মাতার পাশে দাঁড়ানো , একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের জ্ঞান দান, একজন নাগরিকের দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। এক কথায় বলা যায় দায়িত্ব হোল  সম্পর্কের প্রতি দায়বদ্ধতা ,  টিকিয়ে রাখার চেষ্টা, প্রিয়জনদের  সুখ-দুঃখে পাশে থাকা।

তেমনি কর্তব্য হলো নৈতিক ও সামাজিক বাধ্যবাধকতা, যা আমাদের মানবিকতা ও সভ্যতার দিকে পরিচালিত করে। দায়িত্ব অনেক সময় ব্যক্তিগত হয়, কিন্তু কর্তব্য সর্বজনীন। যেমন, দেশপ্রেম একজন নাগরিকের কর্তব্য, অসহায়দের সাহায্য করা মানবিক কর্তব্য।

কিন্তু ভালোবাসা এক অদৃশ্য শক্তি, যা দায়িত্ব ও কর্তব্যকে আরও অর্থবহ করে তোলে। যদি আমরা দায়িত্ব ও কর্তব্য ভালোবাসার সাথে পালন করি, তাহলে তা আর বোঝা মনে হয় না, বরং আনন্দের উৎস হয়ে ওঠে। পিতা-মাতা যখন সন্তানদের দায়িত্ব পালন করেন, সেখানে ভালোবাসার গভীরতা থাকে। ভালোবাসা হলো সম্পর্কের প্রাণ, যা না থাকলে শুধু দায়িত্ব ও কর্তব্য পালন করাও কঠিন হয়ে যায়।

যদিও দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা পরস্পর সংযুক্ত।তবু এটা বলা যায় যে ভালোবাসা ছাড়া দায়িত্ব পালন নিরস হয়, আবার কর্তব্যহীন ভালোবাসা শুধু আবেগমাত্র বা মোহ । তাই যদি দায়িত্ব, কর্তব্য এবং ভালোবাসার মধ্যে  একটিকে প্রধান বলতে হয়, তবে আমরা বলবো ভালোবাসাই সবচেয়ে বেশি প্রয়োজন। ভালোবাসা ছাড়া দায়িত্ব ও কর্তব্য অর্থহীন হয়ে যায়। কখনই সে সম্পর্ক মানসিকভাবে পূর্ণতা পায় না। সম্পর্ক শুধু কর্তব্যের নয়, বরং একটি ভালোবাসার বন্ধন হয়ে উঠলে তবেই সে সম্পর্ক পূর্ণতা পায় । সম্পর্ক শুধু দায়িত্ব বা কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে, তা মনের গভীরে জায়গা পায় না। অনেক ক্ষেত্রে সম্পর্ক এক পর্যায়ে শুধুমাত্র সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের পর্যায়ে নেমে আসে।আবার যদি শুধু দায়িত্ব ও কর্তব্য থাকে, তবে সম্পর্ক কেবল একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়। আবার শুধুই ভালোবাসা থাকলে, দায়িত্ববোধ না থাকলে, সম্পর্ক ভঙ্গুর হয়ে পড়ে। তাই এই তিনটি একসঙ্গে থাকলেই একটা সম্পর্ক সত্যিকারের হয়!

Leave a comment