কুকুর, বেড়াল, হাতি, ঘোড়া—সবাই দিব্যি “ন্যাচারাল ড্রেস” পরে ঘুরে বেড়াচ্ছে। ওদের জন্য শীতের সময় গায়ে লোম, গরমে গায়ের ঘাম, আর বৃষ্টিতে গায়ের কাদা—সবই কম্বো প্যাকেজ!
ওরা ভাবে—“আমাদের তো আলমারি নেই, কাপড় ধোয়ার ঝক্কি নেই, তাই জীবনটা মজার!”
কিন্তু আমরা তো মানুষ, আমরা স্রেফ প্রাণী নই। আমরা ভদ্র প্রাণী!
যদি এই বিংশ শতাব্দীতে আমরা মানে মানুষেরা জন্তু জানোয়ারদের মতো একেবারে জামাকাপড় ছাড়াই ঘুরে বেড়াতাম , তাহলে শীতে হাঁটতে গিয়েই বরফ হয়ে যেতাম, আর গরমে আমরাও ভাজা হয়ে যেতাম!
আসলে আমার মনে হয় শুধু আমার কেন সবারই মনে হয় যে পোশাক হলো—
- আমাদের শরীরের এসি আর হিটার। শীতে গরম রাখে, গরমে ঠান্ডা রাখে।
- আবার এটা লজ্জা ঢাকার চাদর। নাহলে তো যে যার মতো করে ফ্যাশন শো হয়ে যেত!
- পোশাক ছাড়া আমরা আলাদা করে চেনাতেই পারতাম না—কে স্কুলের ছেলে, কে অফিসের বস, কে আবার বিয়ের বর!
- আর সবচেয়ে বড় কথা, পোশাক হলো স্টাইলের খেলা। কে কতটা কালারফুল, কার ফ্যাশন সেন্স কেমন—এসব নিয়ে হাজারো গল্প তৈরি হয়।
এক কথায়, পোশাক শুধু কাপড় নয়, এটা আমাদের ঢাল, সাজ, পরিচয় আর মজা—সবকিছু মিলিয়ে একটা জাদুকরী কভার!
আরও একটা বড় কারণ আছে — ফ্যাশন।
জন্তুরা সারাজীবন একই ড্রেস পরে থাকে। বাঘ মানে ডোরাকাটা, জেব্রা মানে সাদা-কালো, ময়ূর মানে ঝলমলে পালক—একঘেয়ে কাণ্ড!
কিন্তু মানুষ? আজ পাঞ্জাবি, কাল শার্ট, পরশু কুর্তা—ইচ্ছে মতো বদলানো যায়। পূজা,ঈদ, পয়লা বৈশাখ—সবেতেই নতুন জামা পরার আনন্দ আলাদা।
তবে পোশাক কেমন পড়া উচিত – এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে । আসলে সবকিছুই নির্ভর করে জায়গা, সময় আর পরিস্থিতির উপর । অনেকে বলেন, আধুনিকতার নামে পোশাক দিন দিন খোলামেলা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হলো—
- এটা কি আধুনিকতার চাপ, নাকি ব্যক্তির স্বাধীনতা?
- অনেক সময় ফ্যাশন ট্রেন্ডকে “আধুনিকতা” বলে ধরা হয়, অথচ আসল আধুনিকতা পোশাক দিয়ে মাপা যায় না।
পোশাক কেবল আধুনিকতার একটি অভিব্যক্তি। কেউ হয়তো স্বাধীনভাবে ফ্যাশনেবল পোশাক পরে, কেউ আবার সাধারণ মার্জিত ড্রেসেই আধুনিক।
তাই বলা যায় – আধুনিকতা কোন অশালীন পোশাককে উৎসাহ দেয় না। আধুনিকতা মানে হচ্ছে পছন্দের স্বাধীনতা। কেউ যদি শালীন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটাও আধুনিক , আবার কেউ ফ্যাশনেবল বা খোলামেলা পোশাক বেছে নিলে সেটাও তার ব্যক্তিগত স্বাধীনতা।
সমাজের জন্য সবচেয়ে ভালো হলো— অন্যের পোশাক দেখে নয়, তার কাজ আর চরিত্র দেখে বিচার করা। আসল কথা – আধুনিকতা পোশাকে নয়, মগজে। কে কী পরে সেটা তার পছন্দ, কিন্তু কে কী ভাবে , সেটা আসল আধুনিকতা।
তাই বলা যেতেই পারে পোশাক বদলানো সহজ, মানসিকতা বদলানোই আসল আধুনিকতা।