গান ভালবাসি গান  – সুপ্রিয় রায়

গান — একটি শব্দ, এক অনুভব, এক সুর… অথচ এর পেছনের ইতিহাস আমাদের সভ্যতারই সমান পুরনো। গানের সৃষ্টি এক বিস্ময়কর ইতিহাস — মানবসভ্যতার শুরু থেকেই সুর আর ছন্দ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।

আমরা আজ গান শুনি বিনোদনের জন্য, ভাব প্রকাশের জন্য, আবার প্রতিবাদের জন্যও। কিন্তু কখনও কি ভেবেছি, গানের জন্ম কীভাবে হয়েছিল?

প্রকৃতির শব্দই ছিল আদিম মানুষের প্রথম সঙ্গীতশিক্ষক — পাখির ডাক, ঝর্ণার শব্দ, বৃষ্টির ছন্দ, এমনকি বাতাসের শব্দও। মানুষ সেই ধ্বনিগুলো অনুকরণ করেই সুর সৃষ্টি করতে শিখেছিল। ভাষা তখনো স্পষ্টভাবে গড়ে ওঠেনি। তাই গানই হয়ে উঠেছিল প্রথম যোগাযোগের মাধ্যম , যেখানে আবেগ, ভয়, প্রেম কিংবা আনন্দ — সব কিছুই প্রকাশ পেত ছন্দ আর সুরে।

ধর্মীয় আচার, পূজা ও উৎসব গানকে আরও নতুন মাত্রা দেয়। স্তোত্র, ভজন, মন্ত্র — এদের মূলেই তো রয়েছে সুর! পাশাপাশি নৌকা বাইতে বা মাঠে কাজ করতে করতে যে শ্রমজীবী মানুষ ছন্দে গলা মিলিয়েছিল, তা-ই শ্রমসঙ্গীতের জন্ম দেয়। গান ছিল শুধুই গান নয়, জীবনেরই অনুরণন।

লিখিত ভাষার আগে মানুষ গানেই স্মরণ করত ইতিহাস, কাহিনি বা বংশগাথা। লোকসংগীত, পালাগান, ভাটিয়ালি এসবের উৎস সেই সময় থেকেই।

গান শুধু বিনোদন নয়, এটা এক শক্তিশালী মাধ্যম — যা মানুষকে ভাবাতে, বদলাতে এবং একত্রিত করতে পারে। আর সেখানেই একজন লেখকের, সুরকারের, শিল্পীর সার্থকতা। তাই বলা যায় গান এসেছে প্রকৃতি, প্রয়োজন, অনুভব আর সংস্কৃতি — এই চারটির মেলবন্ধন থেকে।

গানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক নির্ভর করে শ্রোতার মনের ওপর, কিন্তু মনের গভীরে গেঁথে যাওয়া কথা বা লাইনগুলোই গানের সবচেয়ে বড় আকর্ষণ।

যেমন, একটা সাধারণ বাক্য যখন সেটা মিষ্টি সুরে এমনভাবে গাওয়া হয় যে সেটা মনের মধ্যে গেথে যায় , বারবার মনে পড়ে, তখন মনে হয় গান শুধু সুর আর শব্দের মিল নয়, এটা আমাদের মনের গভীরে ছুঁয়ে যাওয়া একটি অনন্য ভাষা,এমন অনুভূতি যা আমাদের হৃদয়ের দরজা খুলে দেয়।

সহজ অথচ মর্মস্পর্শী ভাষায় লেখা গান আমাদের মনের কথা বলে, আমাদের ভাবনার সঙ্গে মিল খায়। সেই মিলটাই আমাদের গানের সঙ্গে গভীর সংযোগ ঘটায়।

তাই গানের কথা, সুর, আর পরিবেশন সব মিলে একটি শক্তিশালী অনুভূতি তৈরি করে, যা আমাদের মনের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়। তাই এক কথায় বলতে গেলে বলতে হয় গান কেবল বিনোদন নয়, তা হৃদয়ের ভাষা, আত্মার দোলা, এবং সময়কে ছাপিয়ে বেঁচে থাকা এক নিঃশব্দ সাক্ষী।

‘গান থেকে যায়’  

গান যখন আসে

মনের খাতা ভরে,
হৃদয় দিয়ে দেখি ,

মনের অন্তঃপুরে ।

চুপিচুপি আসে

শব্দেরা জাগে,
হৃদয়ের মাঝে দীপ্তি পেতে

একটু সময় লাগে ।

গান যখন আসে …………

গান শুধু সুর নয়,

সে প্রাণের আশা ,
মনের কথা জীবনের কথা

প্রতিবাদের ভাষা ।  

মানুষ হারিয়ে গেলেও

গান রয়ে যাবে
সুর আর ছন্দে

তা চিরকাল রবে ।

Leave a comment