ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে  – সুপ্রিয় রায়

ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বে অন্যতম সেরা বলে পরিচিত।পিসা, পিআইএএসি, ইউনারসিটাস ২১, ওর্ল্ড ইকোনমিক ফোরাম, এবং লেগাটাম প্রসপ্যারিটি ইনডেক্স সব মিলিয়ে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার মান বিশ্ব স্তরে অসাধারণ।তাই চেষ্টা করছি আমাদের সাথে মিলিয়ে দেখতে –

ধরা যাক ভারতের এক কিশোরী তিতলি । দশম শ্রেণির ছাত্রী। সকাল ৫টায় ঘুম ভেঙে যায় তার, কারণ ৬টার মধ্যে টিউশনে যেতে হবে। হাতে মোটা বইয়ের বোঝা, মাথায় বোর্ড পরীক্ষার চাপ। প্রতিদিন তার জীবনের লক্ষ্য একটাই— ভালো নম্বর আনা। কিন্তু সেই লক্ষ্যই তাকে যেন দিন দিন ক্লান্ত করে দিচ্ছে। স্কুল থেকে ফিরেই হোমওয়ার্ক, তারপর আবার কোচিং, রাত জেগে পড়াশোনা। মাঝে মাঝে মনে হয়, সে কি সত্যিই শিখছে, নাকি কেবল উত্তর মুখস্থ করছে?

তিতলির মা-বাবাও দুশ্চিন্তায়। তারা জানেন, ভারতে প্রতিযোগিতা ভয়ঙ্কর। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ভালো কলেজে ভর্তি হতে গেলে বোর্ড পরীক্ষায় এবং প্রবেশিকায় ভালো রেজাল্ট করতেই হবে। পরিবার, সমাজ—সবাই নম্বরকে কেন্দ্র করে বিচার করে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। ফলে তিতলির কিশোরী বয়সের সবচেয়ে সুন্দর সময়টা কেটে যাচ্ছে দুশ্চিন্তা আর প্রতিযোগিতার চাপে।

এবার আসি ফিনল্যান্ডের অলিভিয়ার গল্পে। অলিভিয়ার বয়সও ১৬। কিন্তু তার দিন শুরু হয় একেবারেই অন্যভাবে। সে সাইকেল চালিয়ে স্কুলে যায়, ব্যাগে কেবল কয়েকটা বই, হালকা নোটবুক। স্কুলে তাকে পড়াশোনার পাশাপাশি আঁকা, গান, খেলাধুলা, এমনকি রান্নাও শেখানো হয়। হোমওয়ার্ক খুব অল্প, আর পরীক্ষার নামমাত্র উপস্থিতি। শিক্ষকরা তার খাতার নম্বর নয়, বরং নতুন কিছু শেখার আগ্রহ ও সৃজনশীলতাকে গুরুত্ব দেন।

অলিভিয়া জানে, স্কুল শেষে তার জন্য দুটি পথ খোলা— ইচ্ছে হলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আবার চাইলে পেশাভিত্তিক শিক্ষা। আর সবটাই সরকারি সহায়তায় প্রায় বিনামূল্যে। তাই তার পরিবারকে বই-খাতা বা কোচিংয়ের খরচ নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

আমাদের দেশে মানে ভারতের শিক্ষা ব্যবস্থা আজও অনেকাংশে মুখস্থবিদ্যা, প্রতিযোগিতা আর আর্থিক বৈষম্যের সাথে জড়িয়ে আছে। ভালো স্কুল, কোচিং, ব্যক্তিগত শিক্ষক—সবই অর্থসাপেক্ষ। ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ে।

কিন্তু ফিনল্যান্ড প্রমাণ করেছে যে শিক্ষা মানে শুধু পরীক্ষার নম্বর নয় , শেখা আসল । নম্বর বা প্রতিযোগিতা নয়, বরং বোঝাপড়া আর দক্ষতাকে প্রাধান্য। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার সাফল্যের নেপথ্যে-

  1. ফিনল্যান্ডের স্কুলে পড়াশোনা মানে শুধু পরীক্ষায় নম্বর আনা নয়, বরং আনন্দের মধ্যে শেখা।
  2. এখানে ধনী-গরিবের ফারাক নেই। সব স্কুলই সমান মানের, আর শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে—বই থেকে শুরু করে খাবার, এমনকি যাতায়াত পর্যন্ত।
  3. ফিনল্যান্ডে শিক্ষক হতে হলে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক। শিক্ষকরা শুধু পাঠ্যসূচি শেষ করান না । বরং শিশুদের আগ্রহ জাগানো, সমস্যা সমাধান শেখানো এবং সৃজনশীলতা বাড়ানোর দিকেই জোর দেন।
  4. এখানে মুখস্থ পড়া বা অতিরিক্ত হোমওয়ার্ক নেই। ছোট ছোট ক্লাস, প্রকৃতির সাথে শেখা, আর পড়াশোনার চাপ কম থাকায় বাচ্চারা সত্যিই শিখতে ভালোবাসে।

সব মিলিয়ে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা শেখায়, শিক্ষা মানে শুধু ফলাফল নয়—বরং সমতা, সম্মান আর আনন্দের মধ্য দিয়ে আজীবন শেখার অভ্যাস তৈরি করা।

20 thoughts on “ফিনল্যান্ড ও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মিল আর অমিলের খোঁজে  – সুপ্রিয় রায়

  1. Krishnasis Chatterjee

    তুলনামূলক শিক্ষা ব্যবস্থা লেখাটা ভালো. এতো বিশাল জনসংখ্যার নিরিখে আমাদের শিক্ষার মান যথেষ্ঠ উন্নত যার প্রমাণ এতো বেশী উচ্চ শিক্ষিত ভারতীয় আজ সারা পৃথিবী তে সুনাম এর সাথে কর্মরত.

    Like

  2. Sudhir Bagchi

    সত্যি স্বপ্নের মত মনে হয়। এ রকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না।

    Like

  3. Aparajita Sengupta

    আমাদের দেশের শিক্ষাব্যবস্থার অংশ হয়ে সত্যি ছাত্রছাত্রীরা খুব চাপের মধ্যে থাকে। যদি এই বোঝা কিছু টা কমানো সম্ভব হয় তাহলে খুব ভালো হয়।ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার কথা জেনে খুব ভালো লাগল।সিঙাড়া ও জিলিপি সত্যি ই লোভনীয়। 👌👌🧡❤

    Like

  4. Probodh Pal

    তুমি যে বলছো শিক্ষা ব্যবস্থা সবকিছু বিনামূল্যে তবে ওখানকার জনসংখ্যা ভারতের জনসংখ্যা মধ্যে তফাৎ আছে তাই আমার মনে হয় সবকিছু বিনামূল্যে ভারতের পক্ষে সম্ভব না।

    Like

  5. Ratnabali Chatterjee

    খুব ভাল লাগল এই তুলনামূলক উপস্থাপনা।সত্যি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বর্তমান প্রজন্মকে ইঁদুর দৌড়ে সামিল করে দেয়।তারা অনেকেই এত চাপ নিতে না পেরে depression এর শিকার হয়ে পড়ে। উন্নয়নশীল কোন কোন দেশ বোধকরি আমাদের দেশের মতো এতটা বইমুখী নয়। জোহানেসবার্গে আমার ছোট্ট নাতিদের স্কুল থেকে ভেজিটেবল গার্ডেনে নিয়ে যেত সবজি চেনাতে। আপনার বিভিন্ন ধরনের লেখা পড়ে জ্ঞান সমৃদ্ধ হই।

    Like

  6. Abhijit Samadder

    সুন্দর লেখাটা। Land of thousand lakes এর দেশে জিলিপি আর সিঙ্গারা খাচ্ছ দেখে দারুণ লাগলো। ফিনল্যান্ড শিক্ষা ব্যবস্থায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশ। যদিও ওখানকার জনসংখ্যা মোটে ৫৬ লক্ষ।উপভোগ কর আর ভালো থেকো।

    Like

  7. Partha Pratim Dasgupta

    কয়েক লক্ষ মানুষের ক্ষুদ্র একটা দেশে জটিলতা কম সহজতা সাম্যতা বেশী। আর ১৪০ কোটির দেশে জটিলতা প্রতিযোগিতা আর তাকে ঘিরে দুর্নীতি নোংরামির রাজনৈতিক রেসারেসির সাথে তুলনামূলক সাহিত্য বড়ই কষ্টসাধ্য। তবে শিঙ্গারা-জিলিপি আর মিষ্টিতে কোনো অমিল খুঁজে পেলাম না।

    Like

  8. Mitali Samadder

    দারুন ব্যাপার। জিলিপি আর সিঙারা খেতে দেখে বেশ ভালো লাগলো। দাদার লেখা পড়ে কতকিছু জানতে পারছি।

    Like

Leave a comment