মুখে আমরা সবাই বলি—
“যুদ্ধ নয়, শান্তি চাই।”
কিন্তু ভেতরে ভেতরে যেন কেউ ফিসফিস করে—
“শান্তি থাকলে চলবে কী করে? একটু লড়াই না হলে তো মজা নেই!”
সকালে চায়ের কাপে লড়াই
বাসে সিট নিয়ে লড়াই
ফেসবুকে মতামত নিয়ে লড়াই
ধর্মের সাথে ধর্মের লড়াই,
দলের সাথে দলের লড়াই,
দেশে দেশে ক্ষমতার লড়াই
এ যেন—
লড়াই আমাদের রোজকার অভ্যাস!
মানে… আমরা আসলে শান্তি চাই না ,
চাই একটু “মশলাদার লড়াই”?
মনে হয় পৃথিবীটা যেন একটা বিশাল কুস্তির মাঠ—
যেখানে সবাই লড়ছে,
কিন্তু অনেকেই ঠিক জানে না—কিসের জন্য লড়ছে!
কেউ লড়ছে ক্ষমতার জন্য,
কেউ লড়ছে ইগোর জন্য,
কেউ লড়ছে নিজের অস্তিত্ব বাঁচাতে,
আর কেউ… শুধু লড়াইটা চালিয়ে যেতে!
কিন্তু মজার কথা কি ?
এই লড়াইগুলো কারও না কারও লাভের ব্যবসা
কারণ, এই লড়াইয়ের বাজারে—
অনেকেরই রোজগার আছে,
অনেকেরই লাভ আছে।
শান্তি হলে তো ব্যবসা বন্ধ!
কিন্তু ভাবো তো একবার—
যদি হঠাৎ একদিন
পৃথিবীর সব লড়াই থেমে যায়?
না কোনো গালাগালি,
না কোনো দাঙ্গা,
না কোনো “আমি বনাম তুমি”—
তখন হয়তো মানুষ প্রথমবার
মানুষের মতো বাঁচবে।
হয়তো তখন কেউ বলবে না—
“তুই কে?”
বরং বলবে—
“তুমিও আমার মতোই একজন মানুষ!”
হয়তো তখন ধর্ম হবে ভালোবাসা,
রাজনীতি হবে দায়িত্ব,
আর সম্পর্ক হবে বিশ্বাসের।
কিন্তু একটা সমস্যা থেকেই যায় —
শান্তিতে নাকি “থ্রিল” কম!
তাই আমরা আবার একটু ঝগড়া খুঁজি,
একটু তর্ক, একটু বিভেদ—
কারণ, শান্তিতে অভ্যস্ত হতে
আমরা এখনো শিখিনি।
সত্যিটা খুব সহজ—
লড়াইয়ে লাভ হয় কিছু মানুষের,
কিন্তু ক্ষতি বহন করে অসংখ্য মানুষ।
সবচেয়ে বড় জেতা কাউকে হারানো নয়,
বরং সবাইকে সঙ্গে নিয়ে বাঁচতে পারা।
চল , একটু চেষ্টা করি—
লড়াই নয়, মানুষ হয়ে উঠার ।