বিয়ে মানে শুধু সাতপাক ঘোরা বা ফেসবুকে “হ্যাপিলি ম্যারিড” লেখা নয়।
বিয়ে মানে একদম ফুলটাইম জব — ছুটি নেই, ওভারটাইম আছে,
আর বেতন? ভালোবাসা, যদি উভয়েই খুশি থাকে!
শুরুতে সবকিছু সিনেমার মতো —
চোখে চোখে হাসি, ফোনে ঘণ্টার পর ঘণ্টা গল্প,
“তুমি খেয়েছ?” “না, তুমি খাও”—এই জাতীয় মিষ্টি সংলাপ।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সংলাপ বদলে যায়—
“দুধ এনেছ?” “গ্যাস শেষ!” “এমা … ওটা আনতে বলতে ভুলে গেছি!”
এটাই জীবনের বাস্তব পর্ব।
তবুও, এই সাধারণের মধ্যেই লুকিয়ে আছে এক বিরল শিল্প —
সংসার টিকিয়ে রাখার শিল্প।
যেখানে –
ভালোবাসা হলো কাঁচামাল,
আর বোঝাপড়া হলো তার রঙ।
তবে সাবধান!
যদি কেবল একজনই রঙ লাগায় আর অন্যজন ক্যানভাস ঘুরিয়ে রাখে,
তাহলে ছবি হবে “এবস্ট্রাক্ট”!
একটু রাগ, একটু অভিমান, একটু মিষ্টি ঠাট্টা —
এইসব রঙই তো ছবিটাকে প্রাণবন্ত করে তোলে।
শেষে যদি দু’জনেই হাসতে পারেন, বুঝবেন—শিল্পটা সফল।
আবার বলা যায় –
সংসারটা অনেকটা রান্নার মতো —
ভালোবাসা হলো প্রধান উপকরণ,
বোঝাপড়া হলো লবণ,
আর একটু রাগ-অভিমান হলো মরিচ!
লবণ কম হলে ফিকে,
মরিচ বেশি হলে ঝাল —
কিন্তু পরিমান মতো হলে? আহা! সম্পর্কটা একদম জমে যায়!
কেন ভাঙে সংসার?
অনেকে ভাবে সংসার ভাঙে কোনো “বড় দুর্ঘটনা”য়।
আসলে না।
ভাঙে ছোট ছোট জিনিসে—
যেমন একদিন “তুমি ঠিক আছো?” প্রশ্নটা করা বন্ধ হয়ে যায়।
অথবা “ও তো বুঝবে” ভেবে চুপ থাকা শুরু হয়।
আর তারপর সেই চুপ থাকা একসময় দেয়াল হয়ে দাঁড়ায়।
দু’জন মানুষ তখন এক ছাদের নিচে থেকেও দু’টো আলাদা টেরিটরি দখল করে নেয়।
কিছু সম্পর্ক আবার ভাঙে অহংকারে।
“আমি কেন ক্ষমা চাইব?” এই এক বাক্যই
ভালোবাসার গাছটা শুকিয়ে দেয়।
তাই সংসার বাঁচানোর জন্য রেসিপিটা খুব সহজ –
- রাগ এলে ঠান্ডা জল খান, তারপর কথা বলুন।
গরমে রান্না ভালো হয়, সম্পর্ক নয়। - প্রতিদিন একটুখানি হাসি দিন।
বাজারের লিস্টে না থাকলেও, হাসি সংসারের সবচেয়ে দামি উপাদান। - সম্মান দিন।
ভালোবাসা সময়ের সঙ্গে বদলাতে পারে,
কিন্তু সম্মান থাকলে সম্পর্ক ভাঙে না। - সময় দিন।
সম্পর্কও গাছের মতো—জল না দিলে শুকিয়ে যাবে।
দু’জনেই জল দিন, না হলে “ইগো” এসে পাতা খেয়ে ফেলবে।
পরিশেষে বলবো –
এ এক জীবন্ত শিল্প—
প্রতিদিন নতুন রঙে আঁকা এক “লাইভ আর্ট”,
যেখানে টক, ঝাল, নোনতা, মিষ্টি
সব স্বাদের মিশেলে গড়ে ওঠে
এক আপন, প্রিয়, চিরন্তন সংসার।
কিন্তু স্বার্থ যখন ভালোবাসার জায়গা দখল করে নেয়, তখন সম্পর্কগুলো আর ঘর থাকে না—শুধু দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে।
যেখানে “আমরা” হারিয়ে গিয়ে “আমি” বড় হয়ে ওঠে, সেখানেই সংসারের ভাঙনের শুরু হয়।