নির্বাচন হোক শুধু ভোট নয়, সচেতনতার লড়াই -সুপ্রিয় রায়

আমাদের দেশে নির্বাচন মানেই যেন একেবারে পুজোর মরশুম!
রঙিন দেওয়াল, মাইকের আওয়াজ, মিছিলের ঢেউ, স্লোগানের ঝড়—সব মিলিয়ে একেবারে “ভোট উৎসব” ।

কিন্তু মাঝেমধ্যে একটা প্রশ্ন চুপিসারে মাথায় ঢুকে পড়ে—এই উৎসব কি সত্যিই আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করছে?নাকি একটু একটু করে দুর্বল করে দিচ্ছে?

আমরা দেখেছি  United States বা United Kingdom-এর মতো দেশে নির্বাচনের সময় নেতারা মূলত নীতির ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেন। অর্থনীতি কীভাবে উন্নত হবে, সমাজে কী কী পরিবর্তন আনা হবে—এইসব বিষয় নিয়েই সেখানে বেশি আলোচনা হয়। ব্যক্তিগত আক্রমণ সেখানে একেবারেই নেই তা নয়, কিন্তু সেটাই মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে না।

কিন্তু আমাদের প্রেক্ষাপটে চিত্রটা অনেকটাই ভিন্ন। এখানে নীতির আলোচনা প্রায়ই সাইডলাইনে চলে যায়, আর ব্যক্তিগত কটাক্ষ, চরিত্রহনন, এবং আবেগকে উসকে দেওয়াই হয়ে ওঠে প্রধান অস্ত্র। ফলে ভোটাররা অনেক সময় প্রকৃত ইস্যু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, এবং সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিটাই দুর্বল হয়ে যায়।

এর প্রভাব শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না—এটা সমাজের সামগ্রিক সংস্কৃতিতেও প্রভাব ফেলে। যখন নেতারা বা তাদের ভক্তরা একে অপরকে অসম্মান করেন, তখন সাধারণ মানুষের মধ্যেও সেই অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে। সুস্থ বিতর্কের জায়গা কমে যায়, মতের ভিন্নতাকে শত্রুতা হিসেবে দেখা শুরু হয়।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—এভাবে কি গণতন্ত্র শক্তিশালী হয়, নাকি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে?গণতন্ত্রের আসল শক্তি তো যুক্তি, সহনশীলতা এবং নীতির ভিত্তিতে মতবিনিময়ে। যদি সেই জায়গাটা ক্রমশ সংকুচিত হয়ে যায়, তাহলে গণতন্ত্র কাগজে-কলমে থাকলেও তার আত্মা হারাতে শুরু করে।

তাই হয়তো এখনই সময়—আমাদের প্রশ্ন তোলার, আমরা কেমন রাজনৈতিক সংস্কৃতি চাই? কাদা ছোড়াছুড়ির, নাকি যুক্তি ও নীতির সুস্থ প্রতিযোগিতার?

আচ্ছা আমাদের দেশে  ভোট মানেই কি শুধু টাকার খেলা?

আমাদের দেশে ভোট এলেই—বড় বড় মিটিং, হাজার ব্যানার, গাড়ির লম্বা লাইন…দেখে মনে হয়—এটা ভোট না, যেন কোনো মেগা ইভেন্ট!

রাজনীতি অনেক সময় হয়ে যায় “কে বেশি খরচ করলো”র প্রতিযোগিতা।

তাই যদি একটু বদল আনা যায়—ডিজিটাল প্রচার বাড়ানো, খরচের সীমা কড়াভাবে মানা আর অযথা আড়ম্বর কমানো, তাহলে হয়তো একদিন আমরা বলতে পারবো —“এবার ভোটে জিতেছে যোগ্যতা, টাকা না!”

ভুয়ো খবর—সবচেয়ে বড় ভিলেন!

আজকের দিনে সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হোল ভুয়ো খবর।
সোশ্যাল মিডিয়ায় এমন গতি—সত্যি খবর দৌড় শুরু করার আগেই মিথ্যে খবর ফিনিশ লাইনে!

এর ফল?- ভুল ধারণা, সমাজে বিভাজন, ভুল সিদ্ধান্ত

তাই কঠিনভাবে দরকার—তথ্য যাচাই (Fact-checking),  কঠোর আইন আর সচেতন নাগরিক ।

তাই আমরা যদি চাই আমাদের গণতন্ত্র সত্যিই শক্তিশালী হোক,
তাহলে দরকার— যুক্তির লড়াই (গলার নয়!)
সীমিত ও সুস্থ প্রচার ।

তখনই নির্বাচন হবে—

জনগণের, জনগণের জন্য, জনগণের দ্বারা” ।

Leave a comment